Verse 1: হে প্রভু আমাদের সদাপ্রভু, সারা পৃথিবীতে আপনার নামই সব থেকে মহিমান্বিত! আপনার নাম স্বর্গলোক জুড়ে আপনার প্রশংসা এনে দেয়|
Verse 2: শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে আপনার প্রশংসা গীত বেরিয়ে আসে| আপনার শত্রুদের নীরব করে দেওয়ার জন্য আপনি ওদের মুখে এইসব শক্তিশালী গান দিয়েছেন|
Verse 3: আপনি নিজের হাত দিয়ে য়ে স্বর্গ সৃষ্টি করেছেন তার দিকে চেয়ে দেখি| আপনার সৃষ্টি করা চাঁদ এবং তারা দেখি এবং আমি বিস্মিত হই|
Verse 4: লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কেন আপনি তাদের কথা স্মরণ করেন? কেন লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? আপনি তাদের দিকে তাকিযেই বা দেখেন কেন?
Verse 5: কিন্তু মানুষ আপনার কাছে গুরুত্বপূর্ণ! আপনি মানুষকে প্রায় দেবতার মত করেই বানিয়েছেন| এবং গৌরব ও সম্মান দিয়ে আপনি মানুষকে মহিমান্বিত করেছেন|
Verse 6: আপনি যা যা সৃষ্টি করেছেন তার দায়িত্ব আপনি মানুষের হাতেই দিয়েছেন| সব কিছুই আপনি মানুষের নিয়ন্ত্রণে রেখেছেন|
Verse 7: মেষ, গবাদিপশু সহ অন্যান্য বন্য জন্তুদের ওপরে মানুষ কর্ত্তৃত্ব করেছে|
Verse 8: আকাশের পাখী ও জলের মাছের ওপর কর্ত্তৃত্ব করেছে|
Verse 9: হে প্রভু আমাদের সদাপ্রভু, সমগ্র বিশ্বে আপনার নামই সব থেকে মহিমান্বিত|